সিলেট

যুক্তরাজ্যের সাগরে ডুবে নিহতদের গ্রামের বাড়িতে শোকের মাতম

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ ২০:১৩

যুক্তরাজ্যের এসেক্সের ওয়েস্ট মার্সি সমুদ্রসৈকতে এক শিশুকে উদ্ধার করতে গিয়ে সাগরে ডুবে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্রিটিশ নারী ও তাঁর ১৫ বছর বয়সী কন্যা। হৃদয়বিদারক এই ঘটনায় তাদের গ্রামের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নে নেমে এসেছে শোকের ছায়া। পরিবার-পরিজন ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্যসচিব খসরুজ্জামান খসরু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন যুক্তরাজ্য যুবদল নেতা মনসুর রহমানের স্ত্রী এবং তাঁদের ১৫ বছর বয়সী কন্যা। পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত নারী সিলেটের ছাতক উপজেলার বাসিন্দা এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমানের কন্যা। তাঁর স্বামী মনসুর রহমান সিলেটের বিশিষ্ট বিএনপি নেতা শেখ মখন মিয়ার ছেলে।

পরিবারের সদস্যরা জানান, পরিবারের সদস্যদের নিয়ে অবকাশযাপনে ওয়েস্ট মার্সি সমুদ্রসৈকতে গিয়েছিলেন তারা। এ সময় পরিবারের একটি শিশু হঠাৎ প্রবল স্রোতে ভেসে যেতে শুরু করলে তাকে উদ্ধারে পানিতে ঝাঁপ দেন মা ও তাঁর কিশোরী মেয়ে। তারা শিশুটিকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হলেও উত্তাল জোয়ারের স্রোতে তলিয়ে গিয়ে মা ও মেয়ে দুজনই প্রাণ হারান।

এদিকে, এই মর্মান্তিক মৃত্যুর খবরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নে বইছে শোকের মাতম। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। নিহতদের স্বজন মতিউর রহমান বলেন, আমার ভাতিজি ও ভাইয়ের বউকে এভাবে হারাব, কখনো ভাবিনি। আমরা ভাষাহীন হয়ে পড়েছি। পুরো পরিবার শোকে কাতর।


 

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন