সিলেট

মৌলভীবাজারে অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাই পণ্য ও মাদকদ্রব্য জব্দ

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬ ২১:১৭

দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অস্ত্র ও মাদক পাচার বন্ধ এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিভিন্ন অভিযান চালিয়ে প্রায় ৮৩০ কোটি ৪৮ লাখ ৮৯ হাজার ৪৭৭ টাকা মূল্যের মাদকসহ বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করেছে।

সোমবার (১৭ আগস্ট) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ব্যাটালিয়ন ৪৬ বিজিবি আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

মিডিয়া ব্রিফিংয়ে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ চোরাচালান প্রতিরোধ, অস্ত্র উদ্ধার, অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

তিনি বলেন, ‘‘বিজিবি সরাইল রিজিয়নের দায়িত্বপূর্ণ ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্তে চারটি সেক্টরের অধীনে ১৩টি ইউনিটের ২১১টি বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) দিয়ে সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে কাজ করছে। মাদক, অস্ত্র, মানবপাচারসহ বিভিন্ন অবৈধ পণ্য পাচার রোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযানও পরিচালনা করা হচ্ছে।’’

আসিফ মাহমুদ জানান, গত ১ জানুয়ারি থেকে ১০ আগস্ট ২০২৬ পর্যন্ত পরিচালিত এসব অভিযানে মোট ৮৩০ কোটি ৪৮ লাখ ৮৯ হাজার ৪৭৭ টাকা মূল্যের মাদক ও অন্যান্য অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।

তিনি বলেন, ‘‘সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্ত্র চোরাচালানকারী চক্রের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে বিজিবি। এসব অভিযানে দেশীয় ও বিদেশি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও সরঞ্জামের মধ্যে রয়েছে চারটি পিস্তল, ছয়টি এয়ারগান, পাঁচটি পাইপগান, একটি ওয়ান শুটার গান, ৪০ রাউন্ড কার্তুজ, ১৮ দশমিক ৩৩ কেজি উচ্চ বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর এবং ৩০ মিটার ডেটোনেটর তার।’’

এদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধেও নিয়মিত অভিযান চালাচ্ছে বিজিবি। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এসব এলাকায় নজরদারি ও মনিটরিং জোরদার করা হয়েছে।

তিনি জানান, সিলেট অঞ্চলের কালাসাদেক, গুচ্ছগ্রাম, ধলাই ব্রিজ এলাকা, পিয়াইন নদী, বাল্লাঘাট ও জাফলং ব্রিজ এলাকায় অবৈধ বালু-পাথর উত্তোলনের প্রবণতা বেশি। এসব এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ১২১ ঘনফুট বালু এবং ৭ হাজার ৪৬৫ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে।

মিডিয়া ব্রিফিংয়ে বিজিবির পক্ষ থেকে বলা হয়, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা, চোরাচালান ও অস্ত্র-গোলাবারুদ পাচার প্রতিরোধ, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং মাদকমুক্ত সমাজ গঠনের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠায় বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ। সীমান্ত নিরাপত্তা ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন