সিলেট

সিলেটে সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি, পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬ ২১:৫৯

সিলেটের গোয়াইনঘাট-সালুটিকর সড়কের লেংগুড়া ইউনিয়নের ছতি গ্রামে সড়কের ওপর গাছ ফেলে ডাকাতির প্রস্তুতির অভিযোগ উঠেছে একদল দুর্বৃত্তের বিরুদ্ধে। এ সময় পুলিশের টহল গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে সেটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়।

রোববার (১৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লেংগুড়া ইউনিয়নের ছতি গ্রামের প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে গোয়াইনঘাট-সালুটিকর সড়কের ওপর গাছ ফেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পথচারী ও যানবাহন থামিয়ে ডাকাতির উদ্দেশ্যেই সড়কে গাছ ফেলা হয়েছিল।

এ সময় পুলিশের একটি টহল গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার পরিবর্তে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরিস্থিতি মোকাবিলায় টহলরত পুলিশ সদস্যরা গোয়াইনঘাট থানায় খবর দেন।

খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশ সড়কের ওপর পড়ে থাকা গাছ সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

ঘটনার পর গোয়াইনঘাটের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুরুত্বপূর্ণ সড়কে রাতের আঁধারে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি এবং পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা আলোচনা চলছে।

এ তথ্য নিশ্চিত করেন গোয়াইনঘাট থানার (এসআই) ফয়েজ আহমেদ জানান, ডাকাতির প্রস্তুতি হিসেবে সড়কে গাছ ফেলে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশের টহল গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন