পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি ও ব্যস্ততা আগের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে। মন্ত্রণালয়ের কাজের সুবিধা ও গতি আরও বাড়াতেই সরকার দুজন প্রতিমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শনিবার (২২ আগস্ট) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘পলিটিক্স ল্যাব: বাংলাদেশে তরুণ নারীদের রাজনৈতিক নেতৃত্বের ক্ষমতায়ন’ শীর্ষক পাবলিক ডায়ালগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী নিয়োগের বিষয়ে শামা ওবায়েদ বলেন, ‘গত ছয় মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গত ১৭ বছরের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি কাজ হয়েছে। এ সময়ে তিনটির মতো নতুন উইং চালু করা হয়েছে। অভিবাসন ও অবৈধ অভিবাসন বন্ধে কাজ চলছে। এ ছাড়া প্রবাসী কল্যাণ, সংস্কৃতি, শ্রম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় ফোকাল পয়েন্ট কমিটি গঠন করা হয়েছে, যেগুলো আগে ছিল না।’
তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি নির্বাচিত হয়েছেন। আগামী এক বছর তিনি অত্যন্ত ব্যস্ত থাকবেন। ফলে কাজের সুবিধা ও গতি বাড়াতে সরকার যে সিদ্ধান্তই নেবে, সে অনুযায়ী টিমওয়ার্ক হিসেবে কাজ করা হবে।’
মক্কা প্যাক্ট প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘যেকোনো বহুপাক্ষিক সংস্থায় যুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ ও জনগণের স্বার্থই প্রধান বিবেচ্য বিষয় হবে।’
বাংলাদেশ কোনো বহুপাক্ষিক সংস্থা বা জোটে যুক্ত হবে কি না, সে সিদ্ধান্ত সরকারই নেবে বলেও জানান তিনি।
শামা ওবায়েদ বলেন, ‘এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হলে বাংলাদেশের গণমাধ্যমই তা সবার আগে জানতে পারবে। বিদেশি কোনো দেশের গণমাধ্যমে কী প্রকাশিত হচ্ছে, তা দেখে বাংলাদেশকে প্রভাবিত হওয়ার সুযোগ নেই।’
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকেও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছে সরকার। গত শুক্রবার (২১ আগস্ট) তাকে এ দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
জাতীয় থেকে আরো পড়ুন