সিলেটের বিশ্বনাথে বিশেষ ক্ষমতা আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় আরও ৬০ থেকে ৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ঘটনায় আবদুল কাইয়ুম (৪০) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) রাতে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারায় মামলাটি করেন উপজেলার অলংকারী ইউনিয়ন বিএনপির সহসভাপতি ইরন মিয়া (৫৫)। মামলার নম্বর ১৭, তারিখ ২১ আগস্ট ২০২৬।
মামলা দায়েরের পর শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে এজাহারভুক্ত আসামি আবদুল কাইয়ুমকে গ্রেপ্তার করে। তিনি পৌর শহরের অলংকারী গ্রামের মৃত তজম্মুল আলীর ছেলে ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পৌরসভার ১ নম্বর ওয়ার্ড শাখার যুগ্ম সাধারণ সম্পাদক।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিশ্বনাথ উপজেলা শাখার আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদকে প্রধান আসামি করে মামলাটি করা হয়।
মামলায় উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজ মিয়া, সদস্য কবির আহমদ কুব্বার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট এবং বিশ্বনাথ পৌরসভার সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা শাখার সদস্য রফিক হাসানসহ ৯২ জনের নাম উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পৌর শাখার আহ্বায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন, সদস্য শংকর দাস শংকু, খাজাঞ্চী ইউনিয়ন শাখার সভাপতি আব্দুর নূর, সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর এবং বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ ফজর রহমানসহ আরও কয়েকজনকে আসামি করা হয়।
মামলায় বিশ্বনাথ উপজেলার পাশাপাশি ওসমানীনগর উপজেলার একাধিক ব্যক্তিকেও এজাহারভুক্ত আসামি করা হয়।
থানা সূত্রে জানা যায়, বাদীর টাইপ করা লিখিত অভিযোগ পাওয়ার পর ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারার বিধান অনুযায়ী এফআইআর রেকর্ড করে মামলাটি রুজু করা হয়। মামলাটি তদন্ত করছেন বিশ্বনাথ থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. শামসুল হক সুমন।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান আবদুল কাইয়ুমকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।’
সিলেট থেকে আরো পড়ুন