প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ ১৪:০০
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে পরিবারসহ নিখোঁজ এমন খবর বৃহস্পতিবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে সিলেটের রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হয়, নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনায় আলম খান মুক্তি তাঁর পরিবারসহ নিখোঁজ হয়েছেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁর কিংবা পরিবারের কোনো সদস্যের সন্ধান পাওয়া যায়নি বলেও প্রচার করা হয়।
এদিকে, নেপালের ওই দুর্যোগে নিখোঁজ বাংলাদেশিদের মধ্যে আলম খান মুক্তি ও তাঁর পরিবারের সদস্যরাও রয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর আওয়ামী লীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়ে।
তবে নিখোঁজ হওয়ার খবরকে সম্পূর্ণ গুজব ও অপপ্রচার বলে দাবি করেছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি।
তিনি জানান, একটি গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছুদিন পরপর তাঁর নামে বিভিন্ন ধরনের অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে। এবার নেপালে পরিবারসহ নিখোঁজ হওয়ার খবরটিও ওই গোষ্ঠীর ছড়ানো বলে দাবি করেন তিনি।
আলম খান মুক্তি বলেন, কিছুদিন আগে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে নেপালে গিয়েছিলেন। দীর্ঘদিন পরিবারের সদস্যদের, বিশেষ করে মেয়েকে দেখতে না পারায় তাঁর মেয়ে কান্নাকাটি করছিল। এ কারণে পরিবারের সঙ্গে দেখা করতেই তিনি নেপাল যান।
তিনি জানান, তাঁর পরিবারের সদস্যরা বাংলাদেশ থেকে এবং তিনি ভারত থেকে নেপালে গিয়েছিলেন। তবে সম্প্রতি নেপালে প্রাকৃতিক দুর্যোগ শুরু হওয়ার আগেই তিনি ও তাঁর পরিবারের সদস্যরা সেখান থেকে ফিরে আসেন। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন বলেও জানান।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তন ও আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি আত্মগোপনে রয়েছেন বলে জানা যায়। ৫ আগস্টের পর তিনি ভারতে চলে যান।
সম্প্রতি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে তিনি নেপালে যান। তাঁর পরিবারের সদস্যরা বাংলাদেশ থেকে এবং তিনি ভারত থেকে সেখানে মিলিত হন। পরে নেপালে দুর্যোগের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলম খান মুক্তি স্বপরিবারে নিখোঁজ হয়েছেন বলে গুজব ছড়িয়ে পড়ে। তবে নিজেই বিষয়টি নাকচ করে বর্তমানে ভারতে অবস্থান করার কথা জানিয়েছেন তিনি।
সিলেট থেকে আরো পড়ুন