সিলেট

বিমানবন্দরে জাকির হোসেন গ্রেপ্তারের গুঞ্জন, নিশ্চিত নয় পুলিশ

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ ২১:১১

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনকে গ্রেপ্তারের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, শনিবার (২৯ আগস্ট) রাতে কানাডা যাওয়ার প্রস্তুতিকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

তবে এ বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছে পুলিশ। রোববার বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে জাকির হোসেনকে গ্রেপ্তারের গুঞ্জন শোনা গেলেও এসএমপির কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই।

সিলেট মহানগর আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গেও যোগাযোগ করে গ্রেপ্তারের খবরের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। রোববার সন্ধ্যায় জাকির হোসেনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এর আগে একই ধরনের গুঞ্জন ছড়িয়েছিল আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজকে ভারত পালানোর সময় আটকের বিষয়ে। তবে তখনও কোনো কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেনি।
 

সিলেট থেকে আরো পড়ুন