সিলেট

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের একদিন পরই ওসমানী হাসপাতালে ফের ময়লা-আবর্জনা

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৪

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনকে কেন্দ্র করে ঝকঝকে-পরিচ্ছন্ন করে সাজানো হয়েছিল সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। হাসপাতালের বিভিন্ন স্থান থেকে সরিয়ে ফেলা হয়েছিল ময়লা-আবর্জনা। কোথাও দৃশ্যমান ছিল না বর্জ্যের স্তূপ। পরিদর্শনে এসে হাসপাতালের সার্বিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।

তবে মন্ত্রীর পরিদর্শনের একদিন না যেতেই আবারও আগের চিত্র ফিরতে শুরু করেছে বলে অভিযোগ উঠেছে। হাসপাতালের বিভিন্ন স্থানে জমতে শুরু করেছে ময়লা-আবর্জনা।

রোববার সকাল ১১টার দিকে সরেজমিনে হাসপাতাল ঘুরে দেখা যায়, প্রশাসনিক ব্লকের পাশেই রোগীদের চলাচলের জায়গার কাছে রাখা রয়েছে ময়লা-আবর্জনা ফেলার ডাস্টবিন। সেখানে জমে আছে বিভিন্ন ধরনের বর্জ্য। এতে হাসপাতালের পরিবেশ ও রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে প্রশ্ন উঠেছে।

এর আগে শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে আসেন। মন্ত্রীর আগমন উপলক্ষে হাসপাতালের বিভিন্ন জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। সেদিন হাসপাতাল ঘুরে কোথাও দৃশ্যমান ময়লা-আবর্জনা না থাকায় সন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।

তবে মন্ত্রীর পরিদর্শনের পরপরই হাসপাতালের পরিচ্ছন্নতা ব্যবস্থা নিয়ে আগের অবস্থায় ফিরে যাওয়ার অভিযোগ করেছেন রোগী ও স্বজনরা।

এক রোগীর স্বজন বলেন, ‘মন্ত্রী আসার আগে হাসপাতাল পরিষ্কার করা হয়েছিল। তখন পরিবেশ অনেক ভালো ছিল। কিন্তু এখন আবার আগের মতো ময়লা দেখা যাচ্ছে। রোগীদের পাশে এভাবে ময়লা রাখা হলে অসুস্থ মানুষ আরও স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন।’

আরেক রোগী বলেন, ‘হাসপাতালে চিকিৎসা নিতে এসে যদি আশপাশে ময়লা-আবর্জনা পড়ে থাকতে হয়, তাহলে খুবই খারাপ লাগে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা দরকার।’

রোগী ও স্বজনদের অভিযোগ, কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হাসপাতালে পরিদর্শনে এলে দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ নেওয়া হলেও পরে তা নিয়মিতভাবে বজায় রাখা হয় না। তাদের দাবি, শুধু পরিদর্শনের আগে নয়, রোগীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিত ও কার্যকরভাবে পরিচালনা করা প্রয়োজন।

হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ময়লা-আবর্জনা জমে থাকা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও নজরদারি প্রয়োজন বলে মনে করছেন রোগী ও স্বজনরা।


 

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন