শিক্ষা

শাকসু নির্বাচনের রোডম্যাপ চেয়ে শিক্ষার্থীদের আলটিমেটাম

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫ ০০:৫৪

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের রোডম্যাপ ও নিরপেক্ষ নির্বাচন কমিশন চেয়ে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে মানববন্ধন থেকে শিক্ষার্থীরা এ ঘোষণা দিয়েছেন। 

অন্যদিকে ছাত্রদলের নেতাকর্মীরা নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ করেছেন। 

আজ বেলা আড়াইটার দিকে নির্বাচনের রোডম্যাপ চেয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এর আগে গত শুক্রবার ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে নির্বাচন দাবিতে গ্রাফিতি আঁকেন তারা। 

মানববন্ধনে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ঘোষণা করে শিক্ষার্থী পলাশ বখতিয়ার বলেন, ‘প্রশাসন আমাদের মিথ্যা আশ্বাস দিয়ে এতদিন নীরব রাখার চেষ্টা করেছে। আমরা নির্বাচনের কোনো উদ্যোগ নিতে দেখছি না।’ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হলে বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।  

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মমিনুর রশিদ শুভ বলেন, ‘আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনের রোডম্যাপ এবং স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। এর মধ্যে যদি প্রশাসন দাবি মানতে অনীহা দেখায়, তবে আমরা অনির্দিষ্টকালের জন্য রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা এবং যেকোনো মূল্যে আমাদের যৌক্তিক দাবি আদায় করব।’ 

এদিকে শাকসু নির্বাচনের জন্য এখন ক্যাম্পাসে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ করেছে ছাত্রদল। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে শাবিপ্রবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার এ অভিযোগ করেন। 

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘ক্যাম্পাসে যেসব সংগঠন প্রশাসনের ছায়ায় বা গোপনে কার্যক্রম চালিয়ে গেছে, তারাই সবচেয়ে বেশি সুবিধা পাবে। ফলে প্রতিযোগিতা নয়; বরং অসম প্রতিদ্বন্দ্বিতা তৈরি হবে। গণতন্ত্রের সৌন্দর্য হলো সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা। কিন্তু প্রশাসনের সিদ্ধান্তে দেখা যাচ্ছে, কিছু নির্দিষ্ট পক্ষের জন্য সুবিধাজনক পরিবেশ তৈরি করা হচ্ছে। আমরা চাই, শাকসু নির্বাচন হোক এমন এক পরিবেশে, যেখানে প্রত্যেক শিক্ষার্থী সংশয়মুক্ত পরিবেশে অংশ নিতে পারেন।’ 

সংবাদ সম্মেলনে শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান, সহসভাপতি উসামা ইব্রাহিম ও মাহির আসিফ, দপ্তর সম্পাদক শামসুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আদনান মোহন প্রমুখ উপস্থিত ছিলেন।

শিক্ষা থেকে আরো পড়ুন