সিলেট

অবৈধভাবে ইউরোপ যাত্রায় নিহত ১৮ বাংলাদেশির মধ্যে ১০ জন সুনামগঞ্জের,

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬ ২২:৫৮

ভূমধ্যসাগরে অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবিতে নিহত ১৮ বাংলাদেশির মধ্যে ১০ জনই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। এই ঘটনায় জেলার বিভিন্ন এলাকায় শোকের মাতম বিরাজ করছে। স্বজন হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা।

‎শনিবার (২৮ মার্চ) সন্ধ্যার পর থেকে বিভিন্ন মাধ্যমে প্রিয়জনদের মৃত্যুর খবর পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। কেউ হারিয়েছেন সন্তান, কেউ ভাই, আবার কেউ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে। এতে অনেক পরিবারে নেমে এসেছে অনিশ্চয়তা ও হতাশা।

‎জানা যায়, গত ২১ মার্চ লিবিয়ার পূর্বাঞ্চলীয় বন্দরনগরী তবরুক থেকে অবৈধ অভিবাসীদের নিয়ে একটি নৌকা গ্রিসের উদ্দেশ্যে রওনা দেয়। পথে প্রতিকূল আবহাওয়া, খাবার ও বিশুদ্ধ পানির সংকট এবং দীর্ঘ সময় সমুদ্রে ভাসমান অবস্থায় থাকার কারণে এই প্রাণহানির ঘটনা ঘটে।
‎প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক জানিয়েছেন, ঘটনায় ১৮ জন বাংলাদেশির মৃত্যুর তথ্য পাওয়া গেছে। 

‎এছাড়া একই নৌকা থেকে ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ২১ জন বাংলাদেশি। উদ্ধার হওয়া ব্যক্তিদের মাধ্যমে জানা যায়, অনেক মরদেহ সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে।

‎নিহতদের মধ্যে জগন্নাথপুর উপজেলার পাঁচজন এবং দিরাই উপজেলার পাঁচজন রয়েছেন। এছাড়া আরও একজন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

‎এদিকে, লিবিয়ায় অবস্থানরত তথাকথিত ‘গেম ঘর’-এ এখনও অনেক বাংলাদেশি আটক থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। দালালচক্রের মাধ্যমে ইউরোপে পাঠানোর এই অবৈধ প্রক্রিয়াকে স্থানীয়ভাবে ‘গেম’ বলা হয়।

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন