খেলাধুলা

বিসিবি পর্ষদ বিলুপ্ত করে গঠন করা হলো এডহক কমিটি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬ ১৭:২২

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার খবর হঠাৎ করেই ছড়িয়ে পড়ে, যা ক্রিকেট অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দিনভর স্বাভাবিক কার্যক্রমে ব্যস্ত ছিলেন বিদায়ী সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দুপুরে তিনি পূর্বাচলে মাঠ পরিদর্শনে যান, সঙ্গে ছিলেন গ্রাউন্ডস কমিটির বিদায়ী প্রধান খালেদ মাসুদ। বিকেলে তারা একসঙ্গে বোর্ড কার্যালয়ে ফেরেন।

তবে কিছুক্ষণ পরই হঠাৎ বিসিবির বর্তমান পর্ষদ ভেঙে যাওয়ার খবর ছড়িয়ে পড়ে। এরপর দ্রুতই কার্যালয় ত্যাগ করেন বুলবুল, খালেদ মাসুদ এবং নাজমুল আবেদীন ফাহিম। বুলবুল ও খালেদ একই গাড়িতে বেরিয়ে যান, আর ফাহিম আলাদা গাড়িতে তড়িঘড়ি করে স্থান ত্যাগ করেন।

এদিকে, নতুন এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পরপরই বোর্ড কার্যালয়ে আসেন সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল। সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে তিনি বোর্ডে এসে সভাপতির চেয়ারে বসেন।

জানা গেছে, তামিম ইকবালের নেতৃত্বে গঠিত এডহক কমিটির মেয়াদ তিন মাস। এই সময়ের মধ্যেই বিসিবির নতুন নির্বাচন সম্পন্ন করতে হবে। কমিটিতে সাবেক ক্রিকেটারদের মধ্যে আরও রয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু ও আতহার আলী খান।

হঠাৎ এই পরিবর্তনে দেশের ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন সবার দৃষ্টি আসন্ন নির্বাচনের দিকেই।

খেলাধুলা থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন