প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬ ১৭:৪৭
সিলেট মহানগরে বিভিন্ন সময়ে অভিযানে জব্দকৃত ব্যাটারিচালিত অটোরিকশা টমটম ও ইজিবাইক প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
তবে একই সঙ্গে কঠোরভাবে জানানো হয়েছে, এসব যানবাহন মহানগর এলাকায় কোনোভাবেই চলাচল করতে পারবে না।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে এসএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।
সভা সূত্রে জানা যায়, নগরের সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা, যানজট পরিস্থিতি এবং ব্যাটারিচালিত যানবাহনের কারণে সৃষ্ট বিশৃঙ্খলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে রাজনৈতিক দলের প্রতিনিধি, অটোরিকশা ও ইজিবাইক মালিক সমিতির নেতৃবৃন্দ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, অনিয়ন্ত্রিতভাবে ব্যাটারিচালিত যান চলাচলের ফলে সিলেট নগরে দিন দিন যানজট বাড়ছে এবং ট্রাফিক শৃঙ্খলা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একই সঙ্গে দুর্ঘটনার ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে, চলমান অভিযানে এসব যানবাহন জব্দ হওয়ায় অনেক মালিক মানবিক ও আর্থিক সংকটে পড়েছেন বলেও মত দেন তারা।
এই প্রেক্ষাপটে একটি সমন্বিত সিদ্ধান্ত হিসেবে জব্দকৃত যানবাহনগুলো মালিকদের কাছে ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে নগরের ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে মহানগর এলাকায় এসব টমটম ও ইজিবাইকের চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ রাখার বিষয়ে সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া নগরীতে অবৈধভাবে পরিচালিত ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের দোকান এবং অবৈধ চার্জিং পয়েন্টের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মাসুদ রানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সিলেট থেকে আরো পড়ুন