প্রকাশ: ২০ মে ২০২৬ ২১:৩৮
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কায়েস্তরাইল এলাকায় অবস্থিত আশা আইসবার নামের একটি আইসক্রিম কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বুধবার পরিচালিত এ অভিযানে প্রতিষ্ঠানটির মালিককে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা যায়, জেলা প্রশাসন, সিলেট এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ পারভেজ
অভিযানকালে কারখানাটিতে আইসক্রিম উৎপাদনে গুরুতর অনিয়ম ও জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ বিভিন্ন অপরাধের প্রমাণ পাওয়া যায়। এর মধ্যে ছিল আইসক্রিম তৈরিতে নিষিদ্ধ টেক্সটাইল কালার (কাপড়ের রং), চিনির পরিবর্তে ক্ষতিকর সোডিয়াম সাইক্লামেট এবং ভেজাল দুধের ব্যবহার। এছাড়া পাইপের মাধ্যমে অস্বাস্থ্যকর ও নোংরা পানি ব্যবহার, অপরিষ্কার সরঞ্জাম দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন এবং প্যাকেটের গায়ে মিথ্যা লেবেলিং ব্যবহারের অভিযোগও পাওয়া যায়।
এসব অপরাধের দায়ে কারখানার মালিক মো. আবু হানিফকে ১ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে বিপুল পরিমাণ ভেজাল আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সিলেট থেকে আরো পড়ুন