সিলেট

সিলেটে অতিরিক্ত কর কমিশনার আনোয়ার সাদাতকে বিদায় সংবর্ধনা

প্রকাশ: ২০ মে ২০২৬ ২৩:০৪

কর অঞ্চল সিলেটের কর কমিশনার ভুবন মোহন ত্রিপুরা বলেছেন, করদাতাদের আন্তরিক সেবা প্রদান এবং সরকারের রাজস্বের লক্ষ্যমাত্রা অর্জনে বিদায়ী অতিরিক্ত কর কমিশনার মো. আনোয়ার সাদাতের ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়।

তিনি শুধু একজন দক্ষ কর্মকর্তাই ছিলেন না, বরং করদাতাদের মাঝে করভীতি দূর করে করবান্ধব পরিবেশ সৃষ্টিতে তাঁর অবদান ছিল অনন্য। সততা ও নিষ্ঠার সঙ্গে সরকারের রাজস্ব আহরণে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা সিলেট কর অঞ্চলের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

বুধবার (২০ মে) দুপুরে সিলেট জেলা কর আইনজীবী সমিতির মেন্দিবাগস্থ কার্যালয়ের হলরুমে কর অঞ্চল সিলেটের অতিরিক্ত কর কমিশনার মো. আনোয়ার সাদাতের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংবর্ধিত অতিথির বক্তব্যে মো. আনোয়ার সাদাত বলেন, সিলেটে কাজ করার অভিজ্ঞতা তাঁর স্মৃতিতে অমলিন হয়ে থাকবে। এখানকার আইনজীবীদের সহযোগিতা ও সাধারণ মানুষের ভালোবাসা তাঁকে মুগ্ধ করেছে।

তিনি বলেন, দায়িত্ব পালনকালে তিনি সর্বদা ন্যায়নিষ্ঠভাবে কাজ করার চেষ্টা করেছেন। কর্মক্ষেত্রে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকেন সেজন্য তিনি ক্ষমা প্রার্থী। আগামীর কর্মক্ষেত্রে সফলতার জন্য সবার দোয়া কামনা করেন তিনি।

সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি সমর বিজয় সী শেখর অ্যাডভোকেটের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবাগত অতিরিক্ত কর কমিশনার কাজল সিংহ, যুগ্ম কর কমিশনার সৌমিত্র কুমার ভৌমিক এবং বাংলাদেশ ট্যাক্স ল ইয়ার্স এসোসিয়েশনের সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল ফজল।

যুগ্ম সাধারণ সম্পাদক (১) আয়কর আইনজীবী মো. খায়রুল আলমের পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সমিতির কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আ.স.ম মুবিনুল হক শাহীন। গীতা পাঠ করেন আয়কর আইনজীবী মানিক চন্দ্র দাশ। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান অ্যাডভোকেট।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি আয়কর আইনজীবী মোহাম্মদ আলী খোকন, সমিতির সাবেক সভাপতি আয়কর আইনজীবী এম শফিকুর রহমান এবং মৌলভীবাজার জেলা কর আইনজীবী সমিতির সভাপতি মো. মকবুল হোসেন।

অনুষ্ঠানে সমিতির কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, সিনিয়র আইনজীবী এবং কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে সিলেট জেলা কর আইনজীবী সমিতির পক্ষ থেকে বিদায়ী অতিথির হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন