সিলেট

জৈন্তাপুর রাজবাড়ী হবে যাদুঘর ও পর্যটন সহায়তা কেন্দ্র: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রকাশ: ৩১ মে ২০২৬ ১৪:৩২

সিলেটের জৈন্তাপুর উপজেলার ঐতিহ্যবাহী রাজবাড়ীকে যাদুঘরে রূপান্তরের পরিকল্পনার কথা জানিয়েছেন আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে জৈন্তাপুর পৌরসভার কার্যক্রম বাস্তবায়নের কাজও দ্রুত এগিয়ে নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

​​​শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৯টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তন-এ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ অঞ্চলে পর্যটনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে দ্রুত একটি পর্যটন সহায়তা কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, এলাকার কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মমুখী করতে কারিগরি প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ করা হবে। পাশাপাশি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য খেলাধুলা ও বিনোদনমূলক কার্যক্রম বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিদেশগামী কর্মীদের বিষয়ে মন্ত্রী বলেন, প্রয়োজনীয় দক্ষতা ছাড়া বিদেশে গিয়ে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন। এ সমস্যা নিরসনে শুধুমাত্র বিদেশগামী কর্মীদের জন্য একটি বিশেষ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এ সময় তিনি উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার নির্দেশ দেন, যাতে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রিত থাকে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব, উসমান গনি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ-সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে মন্ত্রী জৈন্তাপুরের বিভিন্ন পর্যটন এলাকা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

সিলেট থেকে আরো পড়ুন