সিলেট

ঈদের ছুটিতে পর্যটকে মুখর সিলেটের চা বাগান

প্রকাশ: ৩১ মে ২০২৬ ১৪:৫১

পবিত্র ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সিলেটের চা বাগানগুলো। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা দর্শনার্থীদের ভিড়ে জমে উঠেছে সবুজে ঘেরা চা বাগান ও পর্যটন স্পটগুলো। পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ভিড় করছেন পর্যটকরা।

ঈদের ছুটির শুরু থেকেই সিলেটের মালনীছড়া, লাক্কাতুরা, খাদিমনগরসহ বিভিন্ন চা বাগান এলাকায় পর্যটকদের উপস্থিতি চোখে পড়ার মতো। সবুজ চা গাছের সারি, পাহাড়ি পরিবেশ এবং নির্মল বাতাস উপভোগ করতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় করছেন দর্শনার্থীরা।
পর্যটকদের আগমনে স্থানীয় ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যেও দেখা দিয়েছে প্রাণচাঞ্চল্য। হোটেল-রিসোর্ট এবং খাবারের দোকানগুলোতেও বেড়েছে ক্রেতাদের উপস্থিতি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “গত ঈদের মতো এই ঈদেও পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। সিলেটে আগত পর্যটকরা যাতে নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।”

নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) মনজুরুল আলম বলেন, “শহরের সব জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। পর্যটকদের সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে।”

সংশ্লিষ্টরা জানান, ঈদের পুরো ছুটিজুড়ে পর্যটকদের চাপ অব্যাহত থাকতে পারে। তাই পর্যটন কেন্দ্রগুলোতে নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারি রাখা হয়েছে।

সবুজ চা বাগানের অপরূপ সৌন্দর্য আর উৎসবের আমেজে এবারও ঈদের ছুটিতে প্রাণ ফিরে পেয়েছে পর্যটন নগরী সিলেট।

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন