স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে ভেনেজুয়েলার ধ্বংসাবশেষ থেকে একের পর এক বেরিয়ে আসছে লাশ। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। আহত মানুষের সংখ্যা ৭০০ জন। স্মরণকালের ভয়াবহ এই ভূমিকম্পে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে লক্ষাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।
উদ্ধারকর্মীরা ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের সন্ধান চালিয়ে যাচ্ছেন। তবে ব্যাপক ধ্বংসযজ্ঞ, যোগাযোগ ব্যবস্থার বিঘ্ন এবং অবকাঠামোগত ক্ষতির কারণে উদ্ধার কার্যক্রমে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সংকটময় এই পরিস্থিতিতে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধারের জন্য সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে উদ্ধার অভিযান।
ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত দেশটিতে সহায়তা করতে বিভিন্ন দেশ উদ্ধারকারী দল, চিকিৎসা সহায়তা ও জরুরি ত্রাণ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে জাতীয় পর্যায়ে জরুরি ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে। তবে হতাহতের প্রকৃত চিত্র পেতে আরো সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।
কারাকাসের উত্তরের উপশহর সান বার্নার্ডিনোতে ধসে পড়া একটি ভবনের কথা উল্লেখ করে বিবিসির প্রতিবেদক ভেনেসা সিলভা জানান, ওই ভবনটিতে পাঁচটি ফ্ল্যাট ছিল এবং উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরানোর কাজ করছেন।
তিনি আরও বলেন, উদ্ধারকারীরা জীবিত ব্যক্তিদের খোঁজ চালানোর পাশাপাশি একজনের মৃত্যুর খবরও নিশ্চিত করার চেষ্টা করছেন।
ভেনেসার ভাষ্য, ‘দেশের উত্তর উপকূলজুড়ে ক্ষয়ক্ষতি মূল্যায়ন করা হচ্ছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। ভেনেজুয়েলার বিভিন্ন রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।’
কারাকাসের একটি ব্রিটিশ স্কুলের শিক্ষক অ্যালান চুং জানান, শহরের অনেক ভবনের দেয়ালের অংশ ভেঙে পড়েছে এবং বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা দিয়েছে।
সাত বছর ধরে ভেনেজুয়েলায় বসবাসকারী চুং বিবিসি রেডিও ৪-এর টুডে অনুষ্ঠানে বলেন, ভূমিকম্পের সময় তিনি একটি রেস্তোরাঁয় ছিলেন। পরে তিনি বাইরে দৌড়ে বের হয়ে দেখেন, চারদিকে ধুলার মেঘ ছড়িয়ে পড়েছে এবং বিদ্যুতের লাইনগুলো বিস্ফোরিত হচ্ছে।
তিনি বলেন, দেশটির মানুষ ছোটখাটো ভূমিকম্পে অভ্যস্ত হলেও এটি ‘দীর্ঘ সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ’ ভূমিকম্প।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বুধবার একই এলাকায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এরপর অন্তত ২০টি আফটারশক অনুভূত হয়েছে বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী নেতা ডেলসি রদ্রিগেজ।
আন্তর্জাতিক থেকে আরো পড়ুন