বর্ষা মৌসুম শুরু হতেই সিলেট বিভাগে আবারও বাড়ছে ডেঙ্গু জ্বরের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুজনের শরীরে ডেঙ্গু ভাইরাস শনাক্ত হয়েছে। এতে চলতি বছরে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ জনে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দুজন রোগী।
রোববার (৫ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ৬৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে অধিকাংশই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হবিগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে একজন এবং মৌলভীবাজারের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে একজন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, বিভাগের চার জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন হবিগঞ্জে। জেলাটিতে এখন পর্যন্ত ৩১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এছাড়া সুনামগঞ্জে ১৩ জন, সিলেট জেলায় ১১ জন এবং মৌলভীবাজারে ছয়জন আক্রান্ত হয়েছেন। পাশাপাশি বিভাগের বাইরে থেকে চিকিৎসা নিতে আসা আরও দুজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাদের একজন ব্রাহ্মণবাড়িয়ার এবং অন্যজন নেত্রকোনা জেলার বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মাহবুবুল আলম বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বর্ষা মৌসুমে এডিস মশার প্রজনন বাড়ার আশঙ্কা থাকায় সবাইকে সতর্ক থাকতে হবে। বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, ব্যক্তি সচেতনতার পাশাপাশি স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বিত উদ্যোগ জোরদার করা জরুরি। সময়মতো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা গেলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
সিলেট থেকে আরো পড়ুন