সিলেট

জুনে সিলেটে কমেছে সড়ক দুর্ঘটনা, তবুও ঝরেছে ২৯ প্রাণ

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬ ২১:১৩

চলতি বছরের মে মাসের তুলনায় জুন মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা কিছুটা কমেছে। তবে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৯ জন, আহত হয়েছেন আরও ৩৬ জন। নিহতদের মধ্যে ১২ জনই পথচারী, যা সড়কে পথচারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

রোববার (৫ জুলাই) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে সিলেট বিভাগের চার জেলায় মোট ২৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে সুনামগঞ্জ জেলায়। সেখানে ১১টি দুর্ঘটনায় ১০ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। অন্যদিকে সিলেট জেলায় ৬টি দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন।

এ ছাড়া মৌলভীবাজারে ৫টি দুর্ঘটনায় ৭ জন নিহত ও ৪ জন আহত এবং হবিগঞ্জে ৭টি দুর্ঘটনায় ৭ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।

নিসচার প্রতিবেদনে বলা হয়েছে, পথচারীদের অসচেতনতা, অতিরিক্ত গতিতে যানবাহন চালানো, ট্রাফিক আইন অমান্য করে ওভারটেকিং, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা এবং সড়কের নির্মাণ ত্রুটি দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।

নিসচার কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলা আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু জানান, স্থানীয় ও জাতীয় দৈনিক, বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম, অনপ্রকাশিত ও অনুমিত ঘটনার তথ্য এবং নিসচার জেলা ও উপজেলা শাখাগুলোর তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে ৫ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৫ জন সিএনজি ও টমটম চালক-আরোহী, ৯ জন বিভিন্ন যানবাহনের চালক এবং ১২ জন পথচারী ছিলেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহন উল্টে, মুখোমুখি সংঘর্ষ এবং গাছ বা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগেও একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে।

নিহত ২৯ জনের মধ্যে ২০ জন পুরুষ, ৫ জন নারী এবং ৪ জন শিশু রয়েছেন।

উল্লেখ্য, গত মে মাসে সিলেট বিভাগে ৪২টি সড়ক দুর্ঘটনায় ৫১ জন নিহত এবং ৬৫ জন আহত হয়েছিলেন। সে তুলনায় জুন মাসে দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা কমলেও নিরাপদ সড়ক নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন