সিলেট

বিদেশযাত্রীদের সঙ্গে প্রতারণার অভিযোগ, হিলভিউ মেডিকেল সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ ২০:২৭

সিলেটে বিদেশগামী যাত্রীদের মেডিকেল পরীক্ষা নিয়ে প্রতারণা, ভুয়া রিপোর্ট প্রদানসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে হিলভিউ মেডিকেল সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নগরের আম্বরখানা এলাকার এয়ারপোর্ট রোডে অবস্থিত হিলভিউ মেডিকেল সেন্টারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া।

অভিযান সূত্রে জানা যায়, হিলভিউ মেডিকেল সেন্টারে বিদেশগামী যাত্রীদের মেডিকেল পরীক্ষার জন্য সরকার নির্ধারিত ৮ হাজার ৫০০ টাকার পরিবর্তে ১২ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হলে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

অভিযানে আরও দেখা যায়, প্রতিষ্ঠানটির কোনো রেজিস্ট্রার নেই। এমনকি কোনো কোনো ক্ষেত্রে রক্তের নমুনা বা প্রয়োজনীয় পরীক্ষা না করেই বিদেশগামী যাত্রীদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দেওয়া হয়েছে বলে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া বলেন, ‘আমাদের কাছে অনলাইনে অভিযোগ আসে, হিলভিউ মেডিকেল সেন্টারে বিদেশযাত্রীদের মেডিকেল টেস্টের সরকার নির্ধারিত ফি ৮ হাজার ৫০০ টাকার পরিবর্তে ১২ হাজার ৫০০ টাকা নেওয়া হচ্ছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে গিয়ে বেশ কিছু গুরুতর অনিয়ম পাওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘প্রতিষ্ঠানটির কোনো রেজিস্ট্রার নেই। কোনো পরীক্ষা না করিয়ে, এমনকি কোনো স্যাম্পল না নিয়েও বিদেশযাত্রীদের ভুয়া মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দেওয়ার বিষয়টি পাওয়া গেছে।’

ভবিষ্যতে এ ধরনের অনিয়ম আর করা হবে না—প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এমন স্বীকারোক্তি দেওয়ায় সেটি স্থায়ীভাবে বন্ধ না করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন