সিলেটে ২ হাজার ৪০০ পিস ভারতীয় কিটক্যাট চকলেটসহ অস্ট্রেলিয়া পয়েন্ট থেকে বাদল মোল্যা (৪৫) ও লাকী বেগমকে (৪০) আটক করেছে পুলিশ। তাদের দাবি, আটককৃতরা চোরাকারবারী।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে বিষয়টি জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, বুধবার (২৯ এপ্রিল) বিকেলে জালালাবাদ থানাধীন অস্ট্রেলিয়া পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২ হাজার ৪০০ পিস ভারতীয় কিটক্যাট চকলেটসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মুন্সীগঞ্জ সদরের সোয়াপাড়া গ্রামের মৃত আজিজ মোল্যার ছেলে বাদল মোল্যা (৪৫) এবং মাদারীপুরের তালুক এলাকার জিন্নাত আলী হাওলাদারের মেয়ে লাকী বেগম (৪০)। লাকী বর্তমানে ঢাকার ধানমন্ডি থানাধীন জিগাতলা এলাকায় বসবাস করেন।
তাদের বিরুদ্ধে জালালাবাদ থানায় মামলা (নং-২৩/৩০/৪/২৬) দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম র্কমর্কমতা মো. মনজুরুল আলম।
সিলেট থেকে আরো পড়ুন