সিলেট

প্রধানমন্ত্রীর সফর ঘিরে সাজছে সিলেট, জোরদার প্রস্তুতি ও নিরাপত্তা

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬ ২০:৪০

আগামী ২ মে সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে ঘিরে নগরজুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সিলেট সিটি কর্পোরেশন। সৌন্দর্যবর্ধনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ ইতোমধ্যে দৃশ্যমান হয়ে উঠেছে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলোতে।

 

সিলেট তার শ্বশুরবাড়ির এলাকা হওয়ায় সফরটি ঘিরে স্থানীয়দের মধ্যেও বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। নগরের বিভিন্ন সড়কে পরিষ্কার-পরিচ্ছন্নতা, রঙের কাজ, আলোকসজ্জা এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সাজসজ্জার কাজ জোরেশোরে চলছে।

এদিকে সফরকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানাতে নানা কর্মসূচি গ্রহণ করেছেন। তাদের আশা, এই সফরের মাধ্যমে সিলেটের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

মহানগর বিএনপির সভাপতি(ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদি বলেন, প্রধানমন্ত্রী সিলেট এসে মাজার জিয়ারত করা সহ দিনব্যাপী পূর্ব নির্ধারিত নানা কর্মসূচিতে যোগদান করবেন। 

অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুছ বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নগরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

সব মিলিয়ে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সিলেট এখন উৎসবমুখর পরিবেশে রূপ নিয়েছে। নগরবাসী আশা করছেন, এই সফর সিলেটের উন্নয়ন ও অগ্রগতিতে নতুন মাত্রা যোগ করবে।

সিলেট থেকে আরো পড়ুন