সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ডিবি-সাইবার ক্রাইম ইউনিট ও GenieA Team–এর যৌথ প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ৯১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) বিকাল ৪টায় এসএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। তিনি জানান, নগরীর বিভিন্ন থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরি (জিডি) এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিবি-সাইবার ক্রাইম ইউনিট ও GenieA Team-এর নিরলস প্রচেষ্টায় এসব মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে পুলিশ কমিশনার নিজ হাতে ৫৭টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে তুলে দেন। বাকি ৩৪টি মোবাইল ফোনের মালিকরা ইতোমধ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের ছয়টি থানা থেকে নিজেদের ফোন সংগ্রহ করেছেন। হারানো মোবাইল ফিরে পেয়ে নাগরিকরা স্বস্তি প্রকাশ করেন এবং পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মোবাইল ফোন উদ্ধারের জন্য একটি বিশেষ টিম গঠন করা হয়, যার লক্ষ্য ছিল প্রতি মাসে প্রায় ১০০টি মোবাইল ফোন উদ্ধার করা। গত এক মাসে নগরীর ছয়টি থানার মোট ৪৮৫টি জিডি পর্যালোচনা করে ৯১টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে। এর আগে, ১২ মার্চ ২০২৬ তারিখে ৭০টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছিল।
পুলিশ কমিশনার নাগরিকদের সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, ব্যবহৃত মোবাইল বা ল্যাপটপ কেনাবেচার ক্ষেত্রে বৈধ কাগজপত্র যাচাই, বিক্রেতার পরিচয় নিশ্চিত করা, রসিদ বা মেমো পরীক্ষা করা এবং ডিভাইসের আইএমইআই নম্বর মিলিয়ে দেখা অত্যন্ত জরুরি। অচেনা ব্যক্তি বা সন্দেহজনক উৎস থেকে কম দামে ডিভাইস কেনা থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি। কারণ চোরাই পণ্য কেনা-বেচা আইনত দণ্ডনীয় অপরাধ।
সিলেট মেট্রোপলিটন পুলিশ জানায়, নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাইবার অপরাধ দমনে তারা সর্বদা সজাগ রয়েছে। নাগরিকদের সচেতনতাই পারে তাদের অপ্রত্যাশিত ঝামেলা থেকে রক্ষা করতে।
সিলেট থেকে আরো পড়ুন