সিলেট

হবিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে যুবককে জরিমানা

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫ ২২:৫২

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কাদমা গ্রামে অনুমতি ছাড়া বালু উত্তোলনের দায়ে এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে কাদমা গ্রামের মোবাইল টাওয়ার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যক্তি মালিকানাধীন জমিতে সরকারি অনুমোদন ছাড়া বাণিজ্যিক উদ্দেশ্যে বালু উত্তোলন ও জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় কাদমা গ্রামের রাশিদ মিয়ার পুত্র কনা মিয়ার মালিকানাধীন জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেখা যায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাসিন্দা আব্দুল শহীদের পুত্র সাজ্জাদুর রহমানকে (২০)।

পরবর্তীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭(ক) ধারা অনুযায়ী সাজ্জাদুর রহমানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড আদায় করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম বলেন,
“পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অনুমতি ছাড়া বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।”

সিলেট থেকে আরো পড়ুন