সিলেট

বিয়ানীবাজারে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৮

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬ ১২:৩৫

সিলেট-বারইগ্রাম-বড়লেখা আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণে হারিয়ে লুৎফা পরিবহন-২ নামের একটি যাত্রীবাহী বাস উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় যাত্রীদের মধ্যে নারী ও শিশুসহ ৭-৮ জন আহত হয়েছেন।

শনিবার (১১ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে বিয়ানীবাজার উপজেলার শেওলা পয়েন্ট গোল্ডেন সেন্টার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটের কদমতলী বাস টার্মিনাল থেকে শনিবার (১১ এপ্রিল) রাত ৮টায় যাত্রী নিয়ে বাসটি মৌলভীবাজারের জুড়ী উপজেলার উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিয়ানীবাজারের শেওলা পয়েন্টের কাছাকাছি একটি মোড়ে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। মুহূর্তেই বাসটি উল্টে পাশের খাদে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন দ্রুত দুর্ঘটনা কবলিত বাসের সামনে ও পেছনের গ্লাস ভেঙে যাত্রীদের উদ্ধার করে। বাসের চালক ও হেল্পার দুর্ঘটনার পর থেকে পলাতক রয়েছে বলে জানা গেছে।

এ প্রতিবেদন লিখা পর্যন্ত আহতদের নাম-পরিচয় উদ্ধার করা সম্ভব হয়নি।

ঘটনাস্থলে উদ্ধার অভিযানে থাকা বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (এসআই) মো. নুর উদ্দিন জানান, বাসটিতে নারী ও শিশুসহ প্রায় ৩০-৩৫জন যাত্রী ছিল। এর মধ্যে বাসটি দুর্ঘটনার কবলে পড়লে ৭/৮ জন যাত্রী আহত হয়। আহত সবাইকে স্থানীয়দের সহায়তায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানতে পেরেছি বাসটির চালকের গাফিলতি এবং ব্রেক ফেল হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে উদ্ধার অভিযান চলাকালে বাসটির মধ্যে চালক ও হেল্পারকে পাওয়া যায়নি।

সিলেট থেকে আরো পড়ুন