সিলেট মহানগরের কোতোয়ালী মডেল থানার অভিযানে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলার এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটে এসআই (নিরস্ত্র) এস.এম মাইনুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পরিচালিত অভিযানে নগরের সোবহানীঘাট এলাকা থেকে শাকির আহমদ (৩৬) নামের ওই আসামীকে গ্রেফতার করা হয়। তিনি সোবহানীঘাট (মৌবন-৬৭/১) এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, কোতোয়ালী মডেল থানার মামলা নম্বর-১৮, তারিখ ১০/০৪/২০২৬ খ্রি., পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর ৮(১)/৮(২)/৮(৩) ধারায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় আসামীর ব্যবহৃত একটি মোবাইল ফোন ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করে আলামত হিসেবে সংরক্ষণ করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত শাকির আহমদ একজন ইংল্যান্ড প্রবাসী। ভিকটিমের বড় ভাইয়ের বন্ধু হওয়ার সুবাদে দীর্ঘদিন ধরে ভিকটিমের পরিবারের সঙ্গে তার পরিচয় ছিল। বিদেশে অবস্থানকালে তিনি মোবাইল ফোনে ভিকটিমের সঙ্গে নিয়মিত যোগাযোগ গড়ে তোলেন এবং একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক তৈরি করেন।
এই সম্পর্কের সুযোগ নিয়ে ভিডিও কলে কথোপকথনের সময় ভিকটিমের ব্যক্তিগত ছবি ও ভিডিও গোপনে ধারণ করে সংরক্ষণ করেন তিনি। পরবর্তীতে বিভিন্ন সময়ে সেসব ছবি ও ভিডিও ভিকটিমের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে মানসিক চাপ সৃষ্টি করেন।
অভিযোগে আরও বলা হয়, বিয়ের বিষয়ে টালবাহানা করার একপর্যায়ে গত ৩ এপ্রিল বিকেলে ভিকটিমকে হুমকি দেন আসামী। তিনি জানান, বিষয়টি প্রকাশ করলে সংরক্ষিত ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে ভিকটিমের সম্মানহানি করা হবে।
পরে ভিকটিমের লিখিত অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিলেট থেকে আরো পড়ুন