সিলেট

সিলেটে হকারের পর সিএনজি-লেগুনা চালকদের সতর্ক করলেন ডিসি সারওয়ার আলম

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫ ২২:৩৩

সিলেট নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো থেকে হকার উচ্ছেদ করা হলেও এবার সড়ক দখল করে যাত্রী উঠানো-নামানো থেকে বিরত থাকার জন্য সিএনজি ও লেগুনা চালকদের সতর্ক করেছেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম।

রোববার (১৯ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় জিন্দাবাজার এলাকায় হকার উচ্ছেদ অভিযান পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সতর্কবার্তা দেন জেলা প্রশাসক।

তিনি বলেন, “ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে সবাইকে সহযোগিতা করতে হবে। হকার উচ্ছেদের পর যেন সিএনজি বা লেগুনা চালকরা আবার রাস্তা দখল না করেন, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।”

ডিসি সারওয়ার আলম আরও বলেন,“সড়ক ও ফুটপাত সবার জন্য উন্মুক্ত। এখানে কেউ ব্যক্তিগতভাবে দখল নিতে পারবেন না। প্রশাসন, পুলিশ ও সিটি কর্পোরেশন একসঙ্গে কাজ করছে যাতে নগরবাসী নির্বিঘ্নে চলাচল করতে পারে।”

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম, এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রেজাই রাফিন সরকারসহ প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তারা হকার উচ্ছেদ অভিযানের কার্যক্রম ঘুরে দেখেন এবং নগরবাসীর সহযোগিতা কামনা করেন যাতে শহরের প্রধান সড়ক ও ফুটপাত দখলমুক্ত থাকে।

সিলেট থেকে আরো পড়ুন